দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকার ওই বাসভবনটিতে আগুন দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে কে বা কারা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়ির আশপাশ এলাকায় পুলিশের নিয়মিত টহল দল মোতায়েন থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ওসি বলেন, টহলরত পুলিশ সদস্যরা হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন জ্বলতে দেখে দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এই অগ্নিসংযোগের ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না এবং সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। রাতের এই ঘটনার পর থেকে ওই বাড়ি ও এর আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আদি পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার সুবাদেই তিনি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলো কেটেছে পাঁচলাইশের এই বাড়িতেই।
এর আগে মাত্র কয়েক দিন আগেই চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ছাড়া সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
