ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রোববার রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে এই হামলার চেষ্টা চালানো হয়। সে সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তাঁর বাবা-মা।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ডাকসু ভিপি তাঁর স্ট্যাটাসে লেখেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়া গোষ্ঠীটি জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে এবং রাতের আঁধারে অগ্নিসন্ত্রাস চালিয়ে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চাইছে।
এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না, বরং লড়াইকে আরও দৃঢ় করবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির কোনো পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন সাদিক কায়েম।