‘বোমারু মামুন’ রিমান্ডে, উঠান খুঁড়ে মিললো ১১ আইইডি

লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও প্রাথমিক রিমান্ডে তার আসল পরিচয় বেরিয়ে আসার পর ওই ভাড়া বাড়ির উঠানের মাটি খুঁড়ে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। বিস্ফোরক মজুত, ছদ্মবেশে বসবাস এবং দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার যোগসূত্র খুঁজতে আদালত নতুন করে মামুনের সাত দিন এবং তার সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

স্থানীয়রা জানান, গত তিন নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলে পালানোর চেষ্টায় তিনি একটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং তিনজনকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন তিনি। ওই পরিচয়ের ভিত্তিতেই প্রথমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ১৭ নভেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে রায়পুর থানা-পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিনিই ‘বোমারু মামুন’। পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে আদালত মামুনের সাত দিন এবং সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির ভাড়া নেওয়া উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিকদারকান্দি গ্রামের সিকদার বাড়ির ওই ঘর থেকে এর আগে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর ১০ নভেম্বর সন্ধ্যায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটায় টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ১১টি আইইডি নিষ্ক্রিয় করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, মামুন প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই ভাড়া বাসায় ছিলেন। বাড়ির মালিককে চর এলাকায় পোলট্রি খামার করার কথা বলেছিলেন তারা। সেখানে মামুনের সঙ্গে একজন নারী ও একজন পুরুষও থাকতেন। তাদের পরিচয় এবং বিস্ফোরক তৈরিতে তারা যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে ২১ বছর বয়সী মামুনকে গ্রেপ্তার করা হয়েছিলো। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মামুনকে তখন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য হিসেবে উল্লেখ করেছিল পুলিশ। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর থেকে রায়পুরে আটক হওয়ার আগপর্যন্ত তিনি কোথায় ছিলেন এবং কীভাবে আবার বিস্ফোরক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়ালেন, তা এখন তদন্তের মূল বিষয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনার যোগসূত্রও তদন্তে এসেছে।

আবাসিক এলাকায় দীর্ঘদিন ছদ্মবেশে বসবাস ও মাটির নিচে বিস্ফোরক মজুতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি অন্য মামলাগুলোর যাচাই-বাছাই শেষে তাকে পুলিশের বিশেষায়িত ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।