লক্ষ্মীপুরে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে ও প্রবেশপথে বালুর বস্তা ফেলে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার ১২ ঘণ্টা পর ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, তিনটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের নতুন মহিলা কলেজসংলগ্ন একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে জামাল, তারেক, রুবেল, মোহন ও তোফায়েলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির প্রধান ফটক ও মার্কেটের দোকানগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয় এবং প্রবেশপথে বালুর বস্তা ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখা হয়।
অভিযোগ রয়েছে, অভিযুক্তরা তাদের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দাবির টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয় এবং আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় আশরাফুল ইসলাম আবির বাদি হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বাঞ্চানগর এলাকার চার নম্বর ওয়ার্ডে নতুন মহিলা কলেজসংলগ্ন ৪৮ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন তারা। ওই জমিতে বসতঘর ও দোকান রয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সম্পত্তিটি দখলের চেষ্টা করে আসছিলেন। ঘটনার দিন দলবদ্ধ হয়ে এসে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে বসতঘর ও দোকানে তালা লাগিয়ে ও বালুর বস্তা ফেলে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম আবির বলেন, আমাদের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির গেট ও দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রবেশপথে বালুর বস্তা ফেলে আমাদের পরিবারের সদস্যদের আটকে রাখা হয়। এ সময় থানা-পুলিশ বা আদালতের আশ্রয় নিলে আমাকে ও পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এতে নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তিদের দাবি, বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। রহিমা বেগমরা জোর করে ওই জমি দখল করে রেখেছেন এবং তারা নিজেদের জমি উদ্ধারের জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু বালুর বস্তা ও ফটকে তালা ব্যাপারে তারা কোনো মন্তব্য করেন নাই।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর বস্তা সরিয়ে ও ফটকের তালা খুলে অবরুদ্ধ ১৩ জনকে উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের জমিসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।