বর্ষা পেরিয়ে শরতেও অপরূপ মিঠামইন হাওর

বর্ষা পেরিয়ে শরতেও অপরূপ মিঠামইন হাওর। দিগন্ত বিস্তৃত অথই হাওর পেরিয়ে, ভ্রমণ পিপাসুদের হাতছানি দেয় ‘অলওয়েদার অষ্টগ্রাম’ সড়ক। নাগরিক কোলাহল ছাড়িয়ে একদিনেই ঘুরে আসতে পারেন।

আষাঢ়ের সেই ভাসা পানিতে থই থই করছে ভাদ্রের মিঠামইন হাওর... রাজধানী থেকে দলছুটের যাত্রীদলের ইঞ্জিন নৌকা সেই দিগন্ত বিস্তৃত হাওড় পেরিয়েই ছুটছে। সাথে উদাসী লিলুয়া বাতাস আর অসীমের হাতছানি।

দর্শনার্থীদের অনেকেই প্রথমবারের মতো হাওরে এসেছেন। তারা জানান, হাওরের সৌন্দর্যে তারা মুগ্ধ।

সব পথের থাকে শেষ। নৌকা ভিড়লো মিঠামইন ঘাটে। মিঠামইনের সন্তান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে খানিক বিরতি। এরপর দুপুর পেরিয়ে দলছুটের ছুট, মিঠামইন-অষ্টগ্রামের আঁকাবাঁকা অলওয়েদার সড়কে... দু’পাশে অথই পানি মাঝে ছুটছে ইজিবাইক। ভ্রমণ পিপাসুদের প্রবল হাতছানি।

বিকেলের আলো তখন প্রায় ফুরিয়েছে। হাওড়ে ফিরতি পথ- মিঠামইন থেকে নিকলি।

দলছুট জিওগ্রাফিক্যাল সোসাইটির আহবায়ক জালাল আহমেদ বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষদের, বিশেষত কিশোরদের নিয়ে যেতে চাই। তাদের পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সংস্কৃতি, গ্রাম বাংলার সৌন্দর্যের সাথে।

শহরের যান্ত্রিক কোলাহল ছাড়িয়ে আপনিও সঙ্গী হতে পারেন এই নির্মল জলরাশির...