আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত এক, দগ্ধ তিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার লাসারদী গ্রামের ছানাউল্লাহ মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কানিজ খাদিজা নিপা নামে একজন মারা যান।

বিস্ফোরণে অন্য দগ্ধরা হলেন- জিয়াউর রহমান সোহান, তার স্ত্রী সায়মা আক্তার ও হাসিনা মমতাজ। তারা ফকির অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক এবং টাঙ্গাইল জেলা ও আড়াইহাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে ভবনের চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা ফ্ল্যাটের ভেতর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পাইপ লিকেজের কারণে রুমে গ্যাস জমে যায়। রান্না করার জন্য দিয়াশলাই জ্বালালে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় কানিজ খাদিজা নিপার মৃত্যু হয়েছে। অন্যান্য তিনজন আশঙ্কাজনক অবস্থায় আইসিওতে চিকিৎসাধীন।