পদ্মা সেতুর রেলপথের উদ্বোধন ঘিরে চলছে প্রস্তুতি

মুন্সীগঞ্জের মাওয়া থেকে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের ৮২ কিলোমিটার রেলপথ ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে তার। আর এ আয়োজনে ব্যস্ত প্রকল্পের কর্মকর্তারা। চলছে শেষ সময়ের প্রস্তুতি।

১৫ মাস আগে সড়কপথ চালু হওয়ার পর, এবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন পদ্মা সেতুর রেলপথ। প্রথম পর্যায়ে মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন হচ্ছে।

উদ্বোধন ঘিরে এরইমধ্যে মাওয়া স্টেশনের পাশে সমাবেশের জন্য তৈরি হচ্ছে প্যান্ডেল।

শ্রমিক ও ঠিকাদাররা জানান, ১০০ থেকে দেড়শ’ লোক প্রস্তুতির কাজ করছেন।

রেলপথ প্রকল্প ব্যবস্থাপক জানান, আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে আইনশৃঙ্খলাসহ যাবতীয় প্রস্তুতি শেষের দিকে।

padma

কর্মকর্তারা জানান, রেলপথ উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ১০ বগির একটি ট্রেনে মাওয়া থেকে ভাঙা যাবার কথাও রয়েছে।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্প মাওয়া-ভাঙা প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর বলেন, যেহেতু ট্রেনের বগির সংখ্যা উল্লেখ থাকছে- সেহেতু কারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন তা আগে থেকে ঠিক করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দিন গুনছেন এলাকার মানুষ। রেলপথ চালু হয়ে গেলে, ট্রেনে চড়ে ভোগান্তি ছাড়া গন্তব্যে যেতে পারবেন হাজারো মানুষ।

২০১৬ সালে কাজ শুরু হওয়া পদ্মা সেতু রেল প্রকল্পের বাকি অংশের কাজ শেষ হবে আগামী বছর জুনে। এরপর ট্রেন চলবে যশোর পর্যন্ত।