রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নুরু মোল্লা (৭০) এবং তার ভাতিজা শামীম মোল্লা (২৮)।
স্থানীয়রা জানান, মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সকেভেটর) দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিলো। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে বাড়ির পাশের ওই খালে গোসল করতে যান নুরু মোল্লা। বিদ্যুতায়িত ওই পানি স্পর্শ করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এই সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
শামীমকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শরীফুর ইসলাম বলেন, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।