মাদারীপুরের শিবচর পৌরসভার বাবুবাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় অত্যাধুনিক ছয় তলা বিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করা হয়েছে।
শনিবার এর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রে এক সঙ্গে ৬০ জন নারী চারটি বিষয়ে প্রশিক্ষণ ও আবাসন সুবিধার পাশাপাশি আরও ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন। একই সঙ্গে ২৫ শিশু ডে কেয়ারের সুবিধা পাবে।
ভবনটির উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ বলেন, নারী নেতৃত্বর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফার্স্ট প্রায়োরিটি দেন। এই দায়িত্ব দেয়ার পর তিনি জানেন তাকে হয়তো বেশি পরিশ্রম করতে হবে । তারপরও তিনি সেই দায়িত্বটা দেন। তাই আজ দৃশ্যমান প্রধানমন্ত্রী সংসদ নেতা নারী।
উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ন সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন চিফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। পরে দাদা ভাই হাউজিং সংলগ্ন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিকেলে দত্তপাড়ার নয়াবাজার এলাকায় আড়িয়াল খা নদের ওপর নির্মিত লিটন চৌধুরী সেতু উদ্বোধন ও বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে দেন।