মাদারীপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পিটুনি আহত হয়েছেন আরও এক ডাকাত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে ওই এলাকায় দুই ব্যক্তির ঘোরাফেরায় সন্দেহ হলে স্থায়ীরা তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে। ধারনা করা যাচ্ছে ওই দুই জনও ডাকাত দলের সদস্য।
মঙ্গলবার ভোরে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যের নাম মির্জন খালাসী (৪২)। তিনি শিবচর উপজেলার সম্ভুক এলাকার বাসিন্দা। আহতের নাম হাসমত বেপারীকে (৪৩)। আটক সন্দেহভাজন দুই জনের নাম সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় আ. হালিমের বাড়িতে পাঁচ জনের একটি ডাকাত দল প্রথমে হানা দেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে যায়। পরে তারা একই এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দেয়। এসময় তারা সেখানে তুষার হাওলাদার নামে একজনকে কুপিয়ে আহত ও মালামাল লুট করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মির্জন খালাসী ও হাসমত বেপারীকে আটক করে গলধোলাই দেয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের এসআই গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাইনুল ইসলাম বলেন, ভোরে দুই জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।
শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, আহত হয়ে এক ডাকাত হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুই জনকে আটক করা হয়েছে।