রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে জেলার পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)।  নিহত রিমন কয়েক দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে বেরাতে  এসেছিলেন। 

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রিমন ও গালিব পাংশা থেকে মাছপাড়া যাচ্ছিলেন। এ সময় তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । এ সময় দুই জনেই মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় গালিব। 

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদুজ্জামান বলেন, ট্রাক আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান আছে।