গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর চারটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার রূপাইচড়া এলাকার কল্যাণপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।