নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এসময় তালিকায় পেঁয়াজের কেনা ও বিক্রি মূল্যে গড়মিল থাকায় কয়েকটি দোকানে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নরসিংদী বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
তিনি জানান, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরও দুটি দোকানে এক হাজার করে দুই হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে গুদামে বাড়তি পেঁয়াজ মজুদ আছে কি না, পুরনো দামে কেনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে কি না ইত্যাদি খতিয়ে দেখার পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়েছে।