মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজি ফয়সাল বিপ্লবের সমর্থকদের ওপর নৌকা প্রতীকের সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ছয় জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

সোমবার বিকাল চারটার দিকে জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরচাষী গ্রামের মহিউদ্দিন মোল্লা, মোশাররফ হোসেন, নিজা মিয়া, মোকলেছ মিয়া, হেলাল উদ্দিন সরকার ও মুক্তার হোসেন।

গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মহিউদ্দিন মোল্লা জানান, বিকালে স্বতন্ত্র প্রার্থী হাজি ফয়সাল বিপ্লব প্রতীক পাওয়ায় মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ নৌকার সমর্থক গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের লোকজন হামলা চালায় এবং মহিউদ্দীনের অস্থায়ী অফিসে ভাঙচুর করে।

এ বিষয়ে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানিই না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রাজিব খান বলেন, অফিস ভাঙচুর হয়েছে। কয়েকজন সামান্য আহতের খবরও পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।