আচরণবিধি লঙ্ঘন করে মসজিদে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ঢাকা-১৯ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
রোববার দুপুরে কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এর আগে ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঢাকা ১ম আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এ সংক্রান্ত একটি চিঠি দেন।
গত শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক টাউন জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকেও সেদিন লাইভে এসেছিলেন তিনি।
মসজিদে প্রচারণা চালানোর কারণে, রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনি আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(খ) বিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না -মর্মে আগামী ২ জানুয়ারি এ নোটিশের প্রেক্ষিতে ত্রাণ প্রতিমন্ত্রীর কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকার কোটাপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারণা চালানোর সময়ও লাইভে এসেছিলেন তিনি। সেদিন তার সাথে ছিলেন বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ আহমেদ।
আচরণবিধি লঙ্ঘন করায় এর আগেও একাধিকবার শোকজের মুখে পড়েছিলেন সাভারের সংসদ সদস্য প্রার্থী ডা. এনামুর রহমান।
ঢাকা-১৯ আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন ও নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজর ৯৩৭ জন। ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন এ আসনে।
ডা. এনামুর রহমান ছাড়াও ৯ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভীন (কাঁঠাল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমর সাইফুল ইসলাম মেম্বার (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির জুলহাস (একতারা), ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির ইসরাফিল হোসেন সাভারী (আম), গণফ্রন্টের নূরুল আমীন (মাছ), স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঈগল) ও মুহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক)।