প্রকাশ্যে ভোট গ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়ি ভাঙা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই প্রিজাইডিং কর্মকর্তা প্রকাশ্যে এক প্রার্থীর প্রতীকে ভোট দিতে সহযোগিতা করছিলেন। এ সময় অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে কালুখালি উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, কালুখালি উপজেলার হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফরিদ শেখের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা শুশান্ত কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট উপহার দিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী একসাথে কাজ করছে।
পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ীর এই আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৪৫৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৮৭০ জন। তিনজন হিজড়া ভোটারও আছে এ আসনে।
ছয়জন প্রার্থী আসনটি থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের জিল্লুল হাকিম ছাড়াও রয়েছেন সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল (ছড়ি), জাতীয় পার্টির শফিউল আজম খান (লাঙল), জাসদের আব্দুল মতিন মিয়া (মশাল), তৃণমূল বিএনপির ফজলুল হক (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী (ঈগল)।