নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন । বুধবার রাতে বার্মাশীল বাঘপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দ্বগ্ধরা হলেন সুখী আক্তার, তার মেয়ে সাদিয়া আক্তার, বোন জান্নাতি আক্তার, ভাই আরিফ হাওলাদার, ফুফাতো বোন রহিমা আক্তার ও রহিমার মেয়ে ঋতু আক্তার। এদের মধ্যে শরীরের ৪৫% দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বাঘপাড়া এলাকার কেতা মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন নূর মোহাম্মদ মিয়ার পরিবার। ১৬-১৭ দিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে বাসায় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। আগুন নিভিয়ে তাদেরকে উদ্ধার করে দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার ব্রিগেডের সদস্যরা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফখরউদ্দিন জানান, বাড়ির পাশেই গ্যাসের লাইনে লিকেজ রয়েছে। সেই লিকেজের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে ।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। রহিমা নামে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যান্যদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।