কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচিবাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নয়ন মিয়া (৩৬) উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নয়ন উপজেলার গচিহাটা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির পাশের সড়কে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর কয়েক দুর্বৃত্ত নয়ন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।