মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালিগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কুশেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত স্কুলছাত্রী সামিয়া ইসলাম কুমিল্লা জেলার চান্দিনার সাইফুল ইসলামের মেয়ে ও মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকুরি করেন এবং পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে লোকজনের কাছে জানতে পারেন পৌরসভার চরবেউথা এলাকায় সামিয়ার স্কুলব্যাগ পাওয়া গেছে। এরপর সদর থানায় তার নিখোঁজের বিষয়টি জিডি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।