ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

নরসিংদীর মাধবদীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদীর হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত বিথী রাণী সাহা মাধবদী উপজেলার কাশিপুর এলাকার বিজয় সাহার স্ত্রী।

নিহতের স্বামী বিজয় সাহা জানান, বিথীকে ডেলিভারির জন্য সকালে হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিকেল চারটার দিকে সিজারের জন্য সুস্থ অবস্থায় হেটে ওটিতে যান বিথী। ডাক্তার অনুরাধা চক্রবর্তী সিজারের জন্য ওটিতে যাওয়ার ১৫-২০ মিনিট পর ওটি থেকে বেরিয়ে যান এবং হাসপাতালের ম্যানেজার বিমল জানায় রোগীর অবস্থা ভালো না, তাকে বাঁচাতে হলে দ্রুত ঢাকায় নিয়ে যেতে হবে।

পরে বিথীকে ওই হাসপাতাল থেকে নিয়ে গাউছিয়া ইউএস-বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।