ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

সাভারে ছিনতাইকারীদের অন্তর্কোন্দলে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে সাভার পৌরসভার সোবহানবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত যুবক আমজাদ হোসেন পৌরসভার জয়পাড়া এলাকায় থাকতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় নিহত আমজাদ ছিনতাইকারী ছিলেন। 

পুলিশ জানায়, ছিনতাইকারী আমজাদকে অপর ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহত আমজাদ ছিনতাইকারী বলে স্থানীয়রা বলছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।