বাসের হেলপারকে মারধরের ঘটনায় কনস্টেবল ক্লোজড

সাভারে বাসের হেলপারকে পিটিয়ে আহত করার ঘটনার অভিযুক্ত হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদারকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, রোজদারকে শুক্রবার ক্লোজড করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে গাড়ির কাগজ দেখাতে দেরি হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় মৌমিতা পরিবহনের বাসের হেলপার হানিফ আলীকে (২৮) পিটিয়ে আহত করে হাইওয়ে পুলিশ সদস্য রোজদার।

ভুক্তভোগী বাসের হেলপার হানিফ জানান, রাতে সাভার হাইওয়ে থানার টহলে থাকা পুলিশের এক কনস্টেবল গাড়ির কাগজপত্র দেখাতে বলেন তাকে। এসময় কাগজ বের করতে দেরি হওয়ায় তাকে ওই কনস্টেবল লাথি মারেন এবং মারধোর করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিক মারধরের ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে কনস্টেবল রোজদার তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।