মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনের নামে মামলা হয়েছে।
সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
রোববার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপন দেবনাথ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের অন্যান্য জায়গার মতো বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জন দুষ্কৃতিকারী মিছিল নিয়ে ধল্লা পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সাড়ে চার লাখ টাকার সরকারি মালামাল লুট হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার এসআই মো. আ. মুত্তালিব বলেন, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করা হচ্ছে।