নারায়ণগঞ্জে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের সন্তানসহ জিজ্ঞাসাবাদে সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত আটটার দিকে ফতুল্লা থানার মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি এপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আনোয়ার হোসেন আনু। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি আনু পরিবার নিয়ে ওই ভবনের নবম তলায় বসবাস করতেন।
জিজ্ঞাসাবাদে যাদের আটক করা হয়েছে তারা হলেন- নিহতের ছেলে, মেয়ে ও শ্বশুরবাড়ির স্বজনসহ সাত জন।
নিহতের বড় ভাই বোনের অভিযোগ, আনুর স্ত্রী চলে গেছে। ওই নারী তার প্রেমিক ও ছেলে-মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করেছে।
ঘটনাস্থলে যাওয়া এসআই আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
