বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নাম দেয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সংবাদ পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, উপজেলার ১৮নং বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খানের সাথে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিলো। এর জেরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় চারটি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান বলেন, আমার ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

তবে, এ বিষয়ে যোগাযোগ করা হলেও প্রতিপক্ষের কেউ মন্তব্য করতে রাজি হননি। 

ডাসার থানার এস আই কামরুজ্জামান জানান, সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।