মাদারীপুরের শিবচরে আকিকা অনুষ্ঠানে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যসহ দুই জনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খলিল মাষ্টারের ছেলে পুলিশের সদস্য পলাশ (৩৬) ও একই এলাকার চাঁনমিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, গত শুক্রবার পলাশের ছেলের আকিকার অনুষ্ঠান নিয়ে প্রতিবেশী হাদিস খালাশী এবং তার ছেলে শাহ আলম ও রফিকুলের বিতণ্ডা হয়। পরে সোমবার রাতে পলাশ ও আসিফ বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্ত হাদিস খালাশীর সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আমিনুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় ওই দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।