মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় এক কবিরাজের আস্তানায় হামলা করে আগুন দেয়ার পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে উত্তর চরতাজপুর এলাকার এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ বছর আগে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাকমারী এলাকার দীপঙ্কর সাহা (বিমলের) কাজের সন্ধানে এসে অস্থায়ী বসতি স্থাপন করেন এ এলাকায়।
দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী বুলু আকনের জমিতে অস্থায়ী আস্তানা গড়ে এখানে থেকে তিনি মানুষকে কবিরাজি চিকিৎসা, ঝাড়-ফুঁক, পানি পড়া দিতেন।
শুক্রবার বিকেলে একদল লোক আস্তানায় ঢুকে প্রথমে সেখানে ভাঙচুর চালায়। পরে আস্তানার লোকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। এরপর কয়েকটি গরু ও ছাগল লুট করে নেয়ার পাশাপাশি আগুন দেয়া হয়।
এ বিষয়ে জানতে শিবচর থানার ওসি মোক্তার হোসেনে ও সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেলে) গোলাম রব্বানী হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।