মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার রাত আটটার দিকে ঘণ্টাব্যাপী এ সংঘ‌র্ষের ঘটনা ঘটে।

নিহত ইকবাল বেপারী (৩০) মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার ছলেমান বেপারীর ছেলে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় বেশ কয়েটি দোকান ভাঙচুরের পাশাপাশি এগুলোতে আগুন দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়ায় খান বংশ ও মৃধা বংশের মধ্যে অনেকদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এ ঘটনার জেরে শনিবার নতুন করে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে প্রতিপক্ষ বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করলে ইকবাল গুরুতর আহত হন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

madaripur1

নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।