সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার আছে: উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের সকল গোষ্ঠীর সমান অধিকার আছে। সংবিধান কার্যকর করার জন্য সরকার সচেষ্ট, আমরা এটা চর্চা করে আসছি, লালন করে আসছি। সব অধিকারের জন্যই আমাদের দরজা খোলা আছে এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট আছি এবং থাকবো।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের দেওভোগ জামি’য়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কোনো ধরণের আশঙ্কা অথবা নাশকতার শঙ্কা করি না। গত দুই দিন ধরে শান্তিপূর্ণভাবে সব হয়ে আসছে। আমাদের প্রত্যাশা আমাদের আশা, দশমী পর্যন্ত সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব পালন করতে পারবে। এ পর্যন্ত  বড় ধরনের কোনো সহিংসতার খবর নেই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদীসহ নেতৃবৃন্দ।