মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে খাবার দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের ডিসি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সাথে পাশের ৪নং ওয়ার্ডের যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের আজিমুদ্দিন বেপারীর ছেলে খলিল বেপারীর পারিবারিকভাবে বিয়ে হয়।
শনিবার দুপুরে বরের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয় নিলখী ইউনিয়নের সুরুজ মিয়াকে। দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়। এসময় মেহমান সুরুজ মিয়াকে মুরগীর রোষ্ট দেয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সাথে খলিল বেপারীর বাড়ির লোকদের বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর অবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখেছে।
শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মুরগীর ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।