যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মমিন সেখ (৪১) গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের বাসিন্দা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানে অস্ত্র ব্যবসায়ী মো. মমিন সেখকে গ্রেপ্তার করা হয়।

এসময় অভিযুক্তের কাছ থেকে লোহা ও কাঠের তৈরি একটি এয়ারগান, লোহার তৈরি দেশীয় একনলা একটি পাইপ গান, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি জানান, সোমবার গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ মমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে।