ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্রের মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক জন।

মঙ্গলবার দুপুর একটার দিকে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে বন্দরখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অয়ন দাশ (২০) ও পার্থ শীল (২০)। আহত হয়েছেন- সীমান্ত (২০)।

নিহত অয়ন শিবচরের পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে। পার্থ একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, দুপুরে কলেজে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন তিন জন। এসময় তারা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ের ওপর পরে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তমাল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।