রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুরাপাড়া এলাকার নাজিমউদ্দিন মন্ডলের ছেলে।
নিহত জুয়েল মন্ডলের বন্ধু একই এলাকার বাসিন্দা জনাব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শিক্ষানবিশ ওই আইনজীবী ও তার বন্ধু রেজাউল মোটরসাইকেলে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা সোনাপুর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ওই দুই জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জুয়েল মন্ডলকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।