মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নারী নিহত

মুন্সীগঞ্জে রাস্তা পর হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গাড়িটি আটক করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটখালী দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায় নাই।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ওই নারী মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি সাদা প্রাইভেটকার তাকে ধাক্কা। এ সময় গাড়িটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় পাঠানো হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।