রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন -পিকআপের চালক ও কুষ্টিয়া জেলার পারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা মনসুর আলীর ছেলে নাজমুল (৩৫) ও হেলপার কুষ্টিয়া জেলার পশ্চিম মৌজমপুর এলাকার বাসিন্দা শাহিন মোল্লার ছেলে কাওছার মোল্লা (৩০)।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।
এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে পিকআপের চালক ও সহযোগী গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।