গাজীপুরে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জেলা সদর, টঙ্গী ও শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
কয়েকজন শ্রমিক জানান, ভূমিকম্পের সময় উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ি, বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বড় ধরণের বিশৃঙ্খলা হয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখে। অনেক কারখানায় ভূমিকম্প অনুভূত হতেই শ্রমিকরা আতঙ্কে নিচে নেমে আসে। সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদ জায়গায় দাঁড় করানো হয়। টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এদিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ছয় তলা ভবন হেলে পড়ার দাবি করা হলেও ফায়ার সার্ভিস কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করতে পারেন নাই।