আলেমরা গ্রেপ্তার হলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে: হেফাজত নেতা

বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমির আব্দুল হামীদ বলেছেন, আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দফা দাবিতে ‘শানে তাওহীদ’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে। এখন তার পূজা করা হয়। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে।

মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

manikgong1

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলার পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এর জের ধরে গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। গত ২১ নভেম্বর আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করেন তার ভক্ত–অনুরাগীরা। একই সময়ে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম–ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।