নরসিংদীতে ওয়ার্কশপের ভেতরে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে কয়েকজন লোককে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে জেলা শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। চঞ্চল পুলিশ লাইন্স এলাকার খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রাতে কাজ শেষে একটি মেসে খাবার খেয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে অঙ্গার হন তিনি।
এব্যপারে দোকোন মালিক মো. রুবেল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গুলশানা কবির বলেন, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।