নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাদের চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন কর্মীকে থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী ও জনি গাজী। এ ছাড়া একই এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।