নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এসব তথ্য জানান।
গ্রেপ্তর যুবকের নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই এস এম লুৎফর রহমান দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে। এরপর তারা তার কাছে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার পর পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বন্দর থানার সোনাকান্দা ব্যাপারিপাড়া এলাকা থেকে মিশাল ওরফে বিশালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি বড়ো ছুরি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে বন্দর থানার রেলী আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ছিনতাই করা পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।