নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে একদল বহিরাগত সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে ঢুকে তাকে লাঞ্ছিত করে।
অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে কলেজে গিয়ে তিনি নিজ দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একদল চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী অতর্কিতভাবে তার কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে টেনে-হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
স্থানীয়রা বলছেন, এর আগেও একই সন্ত্রাসী চক্র এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। প্রতিবারই প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধ্যক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেবো।
ঘটনার পর থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।