নরসিংদীতে প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই

নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে ও ইজিবাইকচালক রুবেল শেখ (১৯)।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে মনোহরদীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে চালক রুবেল শেখ, যাত্রী জুনায়েদ শেখ ও তার মা মাহফুজা বেগম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু জুনায়েদ শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে চালক রুবেল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত মাহফুজা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।