মেহেরপুরে রাতের আঁধারে ছয়জন কৃষকের মোট তিন বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলার গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মাঠে জমিতে পরিচর্যা করতে গিয়ে গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখতে পান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বর্গা নেওয়া জমিতে কষ্টার্জিত ফসলের এই ব্যাপক ক্ষয়ে চরম বিপাকে পড়েছেন তারা।
স্থানীয়রা জানান, মাঠে কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপন যৌথ ও আলাদাভাবে বর্গা নেওয়া তিন বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মাঠে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিটি কলাগাছ কেটে দ্বিখণ্ডিত করে রেখে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ফলন আসার মুখে এভাবে এক রাতে পুরো জমির গাছ কেটে ধ্বংস করে দেওয়ায় তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ মহাদ্দিস মোর্শেদ জানান, চরগোয়ালগ্রামের মাঠে ছয়জন কৃষকের তিন বিঘা জমির কলাগাছ কেটে ফেলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।