ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না দম্পতির, কাশিয়ানীতে বাসে পিষ্ঠ

গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সোলাইমান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ঢাকা থেকে বাসে করে গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় ফিরছিলেন। পথে তারা গোপালগঞ্জের মাঝিগাতী বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর সড়ক পার হয়ে রাস্তার অপর পাশে যাওয়ার সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি দূরপাল্লার বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান ও শাহিদার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।