নরসিংদীতে বাস থেকে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড তাজা কার্তুজসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকায়। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোর চারটা ২০ মিনিটের দিকে গোপন খবরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে রায়পুরা থানা-পুলিশ। অভিযানকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এনা পরিবহনে’ তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গুলির উৎস, এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এবং এই চোরাচালান চক্রের সঙ্গে অন্য কারা জড়িত, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে আসামিকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।