নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারের চেষ্টা করা হচ্ছে লুট হওয়া বাকি মালামাল।
বুধবার (৪ নভেম্বর) ভোরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—প্রাইভেটকার চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।
ভুক্তভোগীরা জানান, দুবাই প্রবাসী জামাল হোসেন ও তার বন্ধু সোহেল রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোর তিনটার দিকে গাড়িটি পূর্বাচল ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশল করে অন্য একটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতি রোধ করান।
এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ অন্তত ৪৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে ডাকাতেরা দুই প্রবাসীর হাত-পা বেঁধে এবং মুখে কসটেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে চলে যায়।
পরবর্তী সময়ে চালক ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। একই সঙ্গে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক শাহীন, তার ভাই সোহেল ও আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কিছু স্বর্ণ ও বেশ কিছু মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।