দলে ফিরেই বেপরোয়া: মেঘনা গ্রুপের কর্মকর্তাদের হুমকি বিএনপি নেতার

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর সম্প্রতি দলে ফিরেই আবারও বেপরোয়া হয়ে উঠেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক বিএনপি নেতা। চাঁদাবাজির মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং নিয়মিত চাঁদা দাবির জেরে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) শীর্ষ কর্মকর্তাদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও কারখানার ফটকে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত ওই নেতার নাম আব্দুল জলিল। তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (অ্যাফেয়ার্স) খন্দকার মো. শফিকুল আলম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২২ আগস্ট আব্দুল জলিলকে সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। তবে সম্প্রতি তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হলে তিনি চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে মেঘনাঘাট এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ সিরামিক কারখানাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজি এবং কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। প্রতিটি গাড়ি থেকে এ্ক হাজার ১০০ টাকা করে চাঁদা দাবি করা হতো।

গত ১৪ সেপ্টেম্বর ফ্রেশ সিরামিকের একটি ট্রাকের চালক মো. ফরিদ (৩১) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। পরদিন সকালে চাঁদা পরিশোধের পর চাবি ফেরত দেওয়া হয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. মনিরউদ্দীন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ওই মামলার আসামি আব্দুল জলিল মামলাটি তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস, জ্যেষ্ঠ জিএম মাহাবুব, জিএম শফিকুল ইসলাম এবং ফ্রেশ সিরামিকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনিরুজ্জামানকে ফোন করে এই হুমকি দেন। শুধু মুঠোফোনেই নয়, আষাঢ়ীয়ারচরের ফ্রেশ সিরামিক কারখানার প্রধান ফটকের সামনে গিয়েও একাধিক কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এ ঘটনায় মেঘনা গ্রুপের কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কারখানার স্বাভাবিক কার্যক্রম ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।