ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন ও বোনাস, সরকার ও মালিকপক্ষের আশ্বাসের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিলেও একাংশের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে আবারও রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক শীর্ষ কর্মকর্তার গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী এলাকায় ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার হওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে যাচ্ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। পথে ছয়দানা এলাকার ডেগেরচালা রোডে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে পৌঁছালে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত তাঁর গাড়ির গতিরোধ করে। তারা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
পরে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুলিশের গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে।
সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম জানান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও তারা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন এবং সুযোগ পেলেই পুনরায় সড়কে নেমে আসার চেষ্টা করছেন। তবে এই সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি সামাল দিতে গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোর নিরাপত্তা বিবেচনায় একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন নিশ্চিত করেছেন, বুধবার সকালে নতুন করে আরও ১০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবারের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে গাজীপুরে বর্তমানে ৪৯টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি লাল রঙের বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাল বাটির মতো দেখতে বস্তুটির ভেতর থেকে তার বের করা ছিল এবং এর গায়ে স্পষ্ট অক্ষরে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ ও নিচে ‘এমকে ডট’ লেখা ছিল। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিষ্ক্রিয় করে।