নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৯০ জনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাচপুর এলাকায় একটি বাস ও মীরেরটেক এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শুক্র ও শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দুটি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদি হয়ে প্রথম মামলাটি করেন। এতে ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সগির মিয়া।
অন্যদিকে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদি হয়ে দ্বিতীয় মামলাটি করেন। এতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।