গাজীপুরে অস্থিরতার পেছনে ইন্ধনদাতাদের খুঁজছে পুলিশ

গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মজুরি বাড়ার পরও কারা এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের নাওজোর বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের একাংশ। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ইসলামপুর সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পুলিশের তৎপরতায় একপর্যায়ে তাঁরা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হন।

এদিকে গাজীপুরের কলম্বিয়া এলাকায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর ওই শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ তাঁদেরও সড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, মজুরি বাড়ার পরও কেন এই আন্দোলন অব্যাহত রয়েছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।